কথা দিলাম--
দেখা হবে পুনর্জন্ম হলে।
হয়তো কোনো পাখি হয়ে
কোনো কদম্ব ডালে।
কিংবা হবো শিশির বিন্দু
শিউলির পাতায় পাতায়,
তুমি যখন ফুল কুড়াবে
ঝরবো তোমার মাথায়।
কিংবা হবো বনের হরিণ
সবুজ ঘাসের মাঠে,
পথ হারায়ে দাঁড়িয়ে রবো
তোমার চেনা ঘাটে।
হয়তো হবো জল-পায়রা
তোমার চেনা গাঁয়,
ডেকে-ডেকে ঘুরবো এসে
তোমার আঙিনায়।
নয়তো হবো পদ্মকুঁড়ি
ঘাট-বাঁধানো ঝিলে,
দেখা হবে তোমার সাথে
পরের জন্মে হলে।
তখন যদি ফাগুন থাকে
মাতাল হাওয়া বয়,
বুঝে নিও মনের কথা
কভু মিছে নয়।
এই জন্মে যা হয়নি বলা
রইলো জমা খাতায়,
আবার দেখা হবেই হবে
নতুন জন্মের পাতায়।