চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
শরিয়তপুরের জাজিরায় বসতবাড়িতে প্রবেশ করে শতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে আব্দুল মান্নান সর্দার নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় পলাতক আসামী ওয়াসিম মাতবর (৩০) নামে এক ব্যাক্তিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার(১৩ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউপি ভবনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প এবং র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের যৌথ দল। গ্রেপ্তার ওয়াসিম জাজিরা উপজেলার ছাব্বিশপাড়া গ্রামের নুরুল ইসলাম মাতবরের ছেলে।
শুক্রবার(১৪ আগষ্ট) দুপুর ১টার দিকে ঘটনা ও এজাহারের বরাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার(১০ আগষ্ট) পূর্বপরিকল্পিতভাবে এলাকায় ব্যাপক ভীতি সৃষ্টি করে এ ঘটনা ঘটায় আসামীরা। পরে গত বুধবার (১২ আগষ্ট) নিহতের ছেলে জাজিরার চরকান্দি চরধুপুরিয়া গ্রামের দবির সরদার (৫২) এ ঘটনায় জাজিরা থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করেন।
র্যাব আরও জানায়, চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়ে ব্যাপক আলোচিত হলে এবং গুরুত্ব বিবেচনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ঘটনার ৩ দিনের মধ্যে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় র্যাব।