সোমবার, আগস্ট ৩, ২০২৬

এআই ও অপতথ্যের যুগে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৮-০৩ ০০:০৬:২৩
ছবি: সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভুল ও অপতথ্যের এই সময়ে তথ্য যাচাই, পেশাগত নীতি-নৈতিকতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ সাংবাদিক নেতারা।
রোববার গাজীপুর জেলা প্রশাসন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘মৌলিক সাংবাদিকতা ও নৈতিক প্রতিবেদন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের আগে একাধিক উৎস থেকে তথ্য যাচাই এবং পেশাগত সততা বজায় রাখাই গণমাধ্যমের সবচেয়ে বড় শক্তি।
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মো. কামাল উদ্দিন সবুজ বলেন, সাংবাদিকতা যেমন চ্যালেঞ্জিং পেশা, তেমনি নীতি-নৈতিকতা অটুট রেখে কাজ করাও কঠিন দায়িত্ব। রাজনৈতিক বা ব্যবসায়িক প্রভাবের বাইরে থেকে সত্য ও জনস্বার্থের পক্ষে অবস্থান নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, শিশুশ্রম, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে এবং প্রতিকূল পরিস্থিতিতেও সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত রাখতে হবে।
প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ বলেন, এআই এবং সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে সত্য, মিথ্যা ও অপতথ্যের পার্থক্য নির্ধারণ করাই সাংবাদিকদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য-উৎস বারবার যাচাই করা অপরিহার্য।
তিনি সাংবাদিকদের ‘ফাইভ ডব্লিউ, ওয়ান এইচ’-কী, কেন, কোথায়, কখন, কে এবং কীভাবে-এই মৌলিক নীতিমালা অনুসরণ করে সংবাদ প্রস্তুতের আহ্বান জানান। তাঁর মতে, তথ্যের নির্ভুলতা ও বস্তুনিষ্ঠতাই পেশাদার সাংবাদিকতার ভিত্তি।
জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, ভুয়া খবর ও গুজবের বিস্তার রোধে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে। তিনি একতরফা তথ্যের ভিত্তিতে প্রতিবেদন না করে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার ওপর জোর দেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করা, সত্য প্রকাশ এবং জনগণের অধিকার রক্ষা করাই সাংবাদিকতার মূল দায়িত্ব। তিনি দলীয়করণ, হলুদ সাংবাদিকতা ও তথ্যসন্ত্রাস থেকে গণমাধ্যমকে দূরে রাখার আহ্বান জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহীদুল ইসলাম বলেন, গণমাধ্যমকে রাজনৈতিক ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে জনগণের প্রকৃত কণ্ঠস্বর হিসেবে কাজ করতে হবে। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করারও দাবি জানান তিনি।
কর্মশালায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

এআই, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্য যাচাই


এ জাতীয় আরো খবর