জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও আরও সহজভাবে নিষ্পত্তির লক্ষ্যে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আবেদনকারীদের জমা দেওয়া প্রমাণপত্র যাচাই, প্রয়োজনীয় দলিলের তালিকা নির্ধারণ এবং বিদ্যমান জটিলতা দূর করে সেবা আরও কার্যকর করাই হবে কমিটির প্রধান দায়িত্ব।
রোববার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী)। সদস্য হিসেবে রয়েছেন উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা) ও সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট)। সদস্যসচিব করা হয়েছে সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন)কে।
কমিটির দায়িত্বের মধ্যে রয়েছে এনআইডিতে কী ধরনের তথ্য পরিবর্তনের আবেদন কোন শ্রেণিতে পড়বে, সে অনুযায়ী প্রয়োজনীয় প্রমাণপত্রের তালিকা তৈরি করা। পাশাপাশি অপর্যাপ্ত কাগজপত্রের কারণে বাতিল হওয়া আবেদন পুনরায় জমা দিলে তা কীভাবে দ্রুত নিষ্পত্তি করা যায়, সে বিষয়েও সুপারিশ দেবে কমিটি।
এ ছাড়া আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ, ইলেকট্রনিক পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের সময় সৃষ্ট জটিলতা দূর করতে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় পরিবর্তনের সুপারিশ এবং এনআইডি লক, আনলক ও রোলব্যাক সংক্রান্ত যৌক্তিকতা নির্ধারণেও মতামত দেবে এই কমিটি।
নির্বাচন কমিশনের এ উদ্যোগের ফলে এনআইডি সংশোধন সেবা আরও স্বচ্ছ, সহজ ও সময়োপযোগী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এনআইডি, নির্বাচন কমিশন, পরিচয়পত্র