সোমবার, আগস্ট ৩, ২০২৬

ঢাকার চার নদী পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ,২-৩ মাসে কর্মপরিকল্পনা

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৬-০৮-০২ ২৩:৫৬:২৯
ছবি: সংগৃহীত।

রাজধানী ঢাকার চারপাশের নদী দূষণমুক্ত করে নৌপথকে আবারও ব্যবহার উপযোগী করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ বিষয়ে সমন্বিত কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশও দিয়েছেন তিনি।
রোববার (২ আগস্ট) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে ঢাকার চারপাশের নৌপথ পুনরুজ্জীবনের নানা দিক নিয়ে আলোচনা হয়।
সভায় রাজধানীকে ঘিরে থাকা নৌপথগুলো পুনরায় সচল করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানের প্রস্তাব মূল্যায়ন করে নদীপথে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার বিষয়েও নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শুধু নৌপথ চালু করলেই হবে না; নদীগুলোর দূষণ নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নাব্যতা রক্ষা এবং স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে নদীতীরের ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির নির্দেশনাও দেন তিনি।
সভা শেষে সড়ক, নৌ ও রেলপথবিষয়ক মন্ত্রী শেখ রবিউল আলম জানান, সরকার বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা নদীকে ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, অতীতে এই প্রকল্পে দীর্ঘ সময় ধরে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে। তাই এবার বাস্তবতা যাচাই করে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে ৪২৪টি স্থানের মাধ্যমে নদীতে দূষণ ছড়াচ্ছে। এসব দূষণের উৎস বন্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ঢাকার চারপাশে প্রায় ১১০ কিলোমিটার নৌপথে ওয়াটার বাস চালুর পরিকল্পনাও সরকারের বিবেচনায় রয়েছে।
বৈঠকে পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকার নৌপথ,নদী দূষণ,ওয়াটার বাস


এ জাতীয় আরো খবর