মহেশখালী (কক্সবাজার)
দেশের অন্যতম কৌশলগত ও দ্রুত বিকাশমান শিল্পাঞ্চল মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে আধুনিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের উদ্যোগে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি প্রতিনিধি দল।
রবিবার (২ আগস্ট) দুপুরে প্রতিনিধি দলটি মাতারবাড়ী ইউনিয়নের সম্ভাব্য স্থানগুলো সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা স্টেশন নির্মাণের জন্য ভূমির উপযোগিতা, যোগাযোগ ব্যবস্থা, জরুরি সেবা প্রদানের সক্ষমতা, যানবাহন চলাচলের সুযোগ, ভবিষ্যৎ সম্প্রসারণের সম্ভাবনা এবং আশপাশের শিল্প ও জনবসতির অবস্থান পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজবাহ উদ্দিন মজিদী এবং মাতারবাড়ী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা মো. ফিরোজ। তারা স্থানীয় বাস্তবতা, ভূমির অবস্থান, যোগাযোগ সুবিধা এবং সম্ভাব্য স্থান সম্পর্কে প্রতিনিধি দলকে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাতারবাড়ী বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন এলাকার একটি। এখানে বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি অবকাঠামো এবং বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে একটি আধুনিক, পূর্ণাঙ্গ ও আন্তর্জাতিক মানের ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠা অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, বর্তমানে কোনো অগ্নিকাণ্ড, শিল্প দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় ফায়ার সার্ভিসের ইউনিট দূরবর্তী এলাকা থেকে আসতে হওয়ায় মূল্যবান সময় নষ্ট হয়। এতে জানমাল ও সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়ে যায়। মাতারবাড়ীতে একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন চালু হলে শুধু শিল্পাঞ্চল নয়, মহেশখালী, ধলঘাটা, সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ দ্রুত অগ্নিনির্বাপন, উদ্ধার ও জরুরি সেবা পাবেন।
বিশেষজ্ঞদের মতে, শিল্পাঞ্চলের পাশাপাশি উপকূলীয় এই অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় একটি আধুনিক ফায়ার সার্ভিস স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম, শিল্প নিরাপত্তা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতেও সহায়ক হবে।
স্থানীয় সচেতন মহল আশা করছে, সম্ভাব্য স্থান পরিদর্শনের পর প্রয়োজনীয় কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে স্টেশন নির্মাণের কার্যক্রম শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে মাতারবাড়ীর শিল্পায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে জরুরি সেবার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী হবে।