কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি
শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের কার্যকর যোগাযোগ বৃদ্ধি করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের
আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় ব্যতিক্রমী হোম ভিজিট কার্যক্রম পরিচালনা করেছে।
বৃহস্পতিবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত, বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ
সাইফুল ইসলামের নেতৃত্বে প্রায় ১৫ জন শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার অগ্রগতি, বিদ্যালয়ে উপস্থিতি, পারিবারিক পরিবেশ এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুবন্ধ মজুমদার,কোম্পানীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
ভিজিটকালে বিদ্যালয় এডহক কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে যোগাযোগ সম্পর্ক আরো সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে পরিবর্তন আনতে হোম ভিজিট কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।