শনিবার, জুলাই ১৮, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • স্বপ্ন দেখা রাত
  • ২০২৬-০৭-১৭ ১৬:৫৭:৩১

কেটে গেল আজকে আমার স্বপ্ন দেখা রাত
আপন করে কে যেন আজ বাড়ালো দুই হাত।
স্বপ্ন ছিল নদীর বুকে পাড় ভাঙা এক ঢেউ
জেগে দেখি একটি পাখি -- নেই কাছে আর কেউ।

ভোরের আলো চোখ ছুঁয়ে যায় আলতো করে খুব
চেনা শহর হঠাৎ দিল মন গভীরে ডুব।
ডানাভাঙা ইচ্ছেগুলো হয়ে যায় অতীত 
সুখের আশা কুয়াশা হয় -- মূর্ছনায় সংগীত।

নদীর বুকে প্রশ্ন রেখে দাঁড়াই নিরালায় 
ধরেছিল রাতে যে হাত -- মিথ্যে নাকি হায় !
সেই পাখি কি মনই ছিল, উড়ে গেল দূর
নাকি আমি নিজেই হারাই ভোরের স্বপ্নপুর।


এ জাতীয় আরো খবর