শনিবার, জুলাই ৪, ২০২৬

রাহির ডায়েরি-৬,পর্ব-১৮

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-০৩ ১৪:০৬:২৪

ছোট্ট ছায়ার বড় উপহার

আজ স্কুল থেকে ফেরার পথে রোদের তাপ খুব বেশি ছিল।
আমি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি ছোট্ট গাছের নিচে দাঁড়ালাম।
গাছটি খুব বড় নয়। তবু তার পাতাগুলো মিলে আমার মাথার ওপর এক টুকরো ছায়া তৈরি করেছে।

আমি মুগ্ধ হয়ে বললাম,
-এত ছোট গাছ, তবু আমাকে ছায়া দিল!

ঠিক তখন অরণ এসে হেসে বলল,
-আর কয়েক বছর পর এই গাছটা কত বড় হবে, জানো?

আমি গাছটার দিকে তাকিয়ে বললাম,
-তাহলে একদিন কত মানুষ এর ছায়ায় বিশ্রাম নেবে!

বটদাদু ধীরে ধীরে বললেন,
-বড় হওয়ার জন্য বড় হতে হয় না,মনটাই বড় হওয়া দরকার।

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম,
-একটা ছোট গাছও কি বড় উপকার করতে পারে?

বটদাদু হেসে বললেন,
-অবশ্যই পারে। আজ সে তোমাকে ছায়া দিয়েছে। কাল সে পাখির বাসা হবে। একদিন ফল দেবে, বাতাস পরিষ্কার করবে, মাটি আঁকড়ে ধরে বন্যাও কমাতে সাহায্য করবে।

ঠিক তখন শিসু উড়ে এসে ছোট্ট ডালে বসে বলল,
-আমি তো আজ থেকেই এই গাছটাকে বন্ধু বানিয়ে ফেললাম!

আমরা সবাই হেসে উঠলাম।

বাড়ি ফিরে ডায়েরিতে লিখলাম-
'কাউকে ছোট বলে অবহেলা করো না। আজ যে ছোট,কাল সে অনেকের আশ্রয় হতে পারে।'

রাহির ছোট্ট উপলব্ধিঃ
'একটি ছোট ভালো কাজও একদিন অনেক মানুষের উপকারে আসতে পারে।'

আজকের সবুজ কাজঃ
তোমার আশপাশে কোনো ছোট গাছ দেখলে তাকে ভেঙো না। সম্ভব হলে একটু পানি দাও।

জীবনের শিক্ষাঃ
'মহত্ব আকারে নয়, কাজে।'

আজকের প্রশ্নঃ
তুমি কি কখনো কোনো ছোট গাছের নিচে দাঁড়িয়ে ছায়া পেয়েছ?

তার নাম জানো?

মন্তব্যে লিখে জানাও।

-তোমাদের বন্ধু রাহি

নোট- এই লেখাটির মূল বার্তা শুধু পরিবেশ নয়, 'মানবিক মূল্যবোধও'


এ জাতীয় আরো খবর