বুধবার, জুলাই ১, ২০২৬

অরণের বিজ্ঞান খাতা-৫,পর্ব-১৫

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৬-৩০ ১২:৫৪:৩৭

পিঁপড়েরা কি কখনো রাস্তা হারায়?

আজ বিকেলে আমি দেখলাম,একদল পিঁপড়ে সারি বেঁধে হেঁটে যাচ্ছে।
আমি কৌতূহল নিয়ে তাদের সামনে একটি ছোট কাঠি রাখলাম।
ভাবলাম,এবার নিশ্চয়ই ওরা পথ হারিয়ে ফেলবে।
কিন্তু অবাক ব্যাপার!
একটু থেমে তারা কাঠির চারপাশ দিয়ে নতুন পথ বানিয়ে আবার আগের মতো সারি বেঁধে হাঁটতে শুরু করল।
আমি দৌড়ে বটদাদুর কাছে গেলাম।
-বটদাদু,পিঁপড়েরা কি কখনো রাস্তা হারায় না?

বটদাদু মুচকি হেসে বললেন,
-হারায়,তবে খুব কম। কারণ তারা একে অপরের জন্য গন্ধের একটি অদৃশ্য পথ রেখে যায়।
আমি বিস্মিত হয়ে বললাম,
-গন্ধের পথ? সেটা আবার কেমন?

বটদাদু বললেন,
-পিঁপড়েরা চলার সময় মাটিতে বিশেষ ধরনের গন্ধ ছড়িয়ে যায়। পরের পিঁপড়ে সেই গন্ধ অনুসরণ করেই পথ চিনে নেয়। বিজ্ঞানীরা একে ‘ফেরোমোন’ বলে।

আমি আবার জিজ্ঞেস করলাম,
-তাহলে বৃষ্টি হলে কী হয়?

ঠিক তখনই রাহি বলল,
-বৃষ্টি তো সব গন্ধ ধুয়ে নিয়ে যেতে পারে!

বটদাদু মাথা নেড়ে বললেন,
-ঠিক তাই। তাই ভারী বৃষ্টির পর অনেক সময় পিঁপড়েদের নতুন করে পথ খুঁজে নিতে হয়। তখন তারা একসঙ্গে খুঁজে খুঁজে আবার নতুন পথ তৈরি করে।

আমি অনেকক্ষণ পিঁপড়েদের দিকে তাকিয়ে রইলাম।
এত ছোট্ট প্রাণী,অথচ কী দারুণ দলবদ্ধতা!
আমিও মনে মনে ঠিক করলাম-
'একসঙ্গে কাজ করলে কঠিন পথও সহজ হয়ে যায়।'

আজকের বিজ্ঞান তথ্যঃ
পিঁপড়েরা 'ফেরোমোন' নামে বিশেষ রাসায়নিক গন্ধের সাহায্যে নিজেদের পথ চিনে এবং অন্য পিঁপড়েদের পথ দেখায়।

অরণের ছোট্ট শিক্ষাঃ
'একতা,শৃঙ্খলা আর সহযোগিতা থাকলে ছোটরাও বড় কাজ করতে পারে।'
আজকের প্রশ্নঃ
তুমি কি কখনো সারি বেঁধে চলা পিঁপড়ে দেখেছ?
তোমার মতে,মানুষও যদি পিঁপড়ের মতো সহযোগিতা করত,তাহলে কোন কাজটি সবচেয়ে সহজ হতো?

মন্তব্যে লিখে জানাও।

-তোমাদের বন্ধু অরণ


এ জাতীয় আরো খবর