বুধবার, জুন ২৪, ২০২৬

আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা,তাজিয়া মিছিলে থাকবে বিশেষ নজরদারি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৬-২৩ ১৫:০৩:২২
ছবি: সংগৃহীত।

পবিত্র আশুরাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিল ও শোকানুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বহুমাত্রিক প্রস্তুতি।
মঙ্গলবার সকালে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হোসেনী দালান ইমামবাড়ায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
তিনি জানান, মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থিত ইমামবাড়াগুলোর উদ্যোগে ১ থেকে ১০ মহররম পর্যন্ত মোট ৬৩টি তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি মিছিলের জন্য পৃথক রুট নির্ধারণ করা হয়েছে এবং সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থাও সাজানো হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, মিছিল ও সমাবেশস্থলগুলোতে ব্যারিকেড, পিকেট, ছাদভিত্তিক নজরদারি এবং বিশেষ টহলের ব্যবস্থা থাকবে। হোসেনী দালানসহ গুরুত্বপূর্ণ ইমামবাড়াগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে সিসিটিভি ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করা হবে। পাশাপাশি সন্দেহজনক কার্যক্রম প্রতিরোধে বিশেষায়িত বাহিনী, বোমা নিষ্ক্রিয়করণ দল এবং প্রশিক্ষিত কুকুর ইউনিট দায়িত্ব পালন করবে।
তিনি আরও জানান, মিছিল ও ধর্মীয় সমাবেশস্থলে প্রবেশের সময় আর্চওয়ে গেট, ধাতব অনুসন্ধান যন্ত্র এবং প্রয়োজনীয় হাতে তল্লাশির ব্যবস্থা রাখা হবে। হোসেনী দালানে একটি অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষও স্থাপন করা হয়েছে।
নিরাপত্তার পাশাপাশি যানবাহন চলাচল নিয়ন্ত্রণেও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। ২৬ জুন সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল সীমিত রাখা হবে। নগরবাসীকে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানিয়েছে পুলিশ।
মিছিলের দীর্ঘ পথযাত্রা বিবেচনায় জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপণ যান এবং ধানমন্ডি লেক এলাকায় ডুবুরি দল প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
আয়োজকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য বস্তু, ব্যাগ, পোটলা বা সন্দেহজনক সামগ্রী নিয়ে মিছিলে অংশ নেওয়া যাবে না। এছাড়া উচ্চ শব্দের যন্ত্র, আতশবাজি ও পটকা ব্যবহারও নিষিদ্ধ থাকবে।
তিনি জানান, অনলাইনে গুজব বা উসকানিমূলক প্রচারণা ঠেকাতে বিশেষ সাইবার নজরদারি অব্যাহত থাকবে। কোথাও সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখা গেলে দ্রুত পুলিশ কিংবা জাতীয় জরুরি সেবা নম্বরে যোগাযোগের আহ্বান জানান তিনি।
সবশেষে পুলিশ কমিশনার আশা প্রকাশ করেন, ধর্মীয় নেতৃবৃন্দ, আয়োজক কমিটি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সহযোগিতায় এবারের আশুরার কর্মসূচি শান্তিপূর্ণ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

কী-ওয়ার্ডস: আশুরা,তাজিয়া মিছিল,নিরাপত্তা ব্যবস্থা


এ জাতীয় আরো খবর