পাতার রং সবুজ কেন?
আজ বিকেলে আমি আর রাহি বটদাদুর নিচে বসে ছিলাম।
হঠাৎ আমার চোখে পড়ল,চারপাশের প্রায় সব গাছের পাতাই সবুজ।
আমি ভাবলাম,
-লাল ফুল আছে,হলুদ ফুল আছে,সাদা ফুল আছে। কিন্তু পাতাগুলো বেশিরভাগই সবুজ কেন?
আমি প্রশ্নটা বটদাদুকে করলাম।
বটদাদু মুচকি হেসে বললেন,
-খুব ভালো প্রশ্ন, অরণ।
আমি আরও কাছে গিয়ে বসলাম।
বটদাদু বললেন,
-পাতার ভেতরে একটি বিশেষ পদার্থ থাকে। এর নাম ক্লোরোফিল।
-ক্লোরোফিল?
-হ্যাঁ। এই ক্লোরোফিল সূর্যের আলো ধরে গাছের জন্য খাবার তৈরি করতে সাহায্য করে।
আমি অবাক হয়ে বললাম,
-তাহলে গাছের রান্নাঘর কি পাতার ভেতরে?
বটদাদু হেসে উঠলেন।
-একদম তাই। আর ক্লোরোফিলের রং সবুজ বলেই পাতাগুলো আমাদের চোখে সবুজ দেখায়।
রাহি তখন একটি পাতা হাতে নিয়ে বলল,
-তাহলে পাতা শুধু সুন্দরই নয়,খুব পরিশ্রমীও!
-ঠিক বলেছ,রাহি। পৃথিবীর অসংখ্য প্রাণী বেঁচে আছে গাছের তৈরি খাবার আর অক্সিজেনের কারণে।
আমি আকাশের দিকে তাকালাম।
হঠাৎ মনে হলো,একটি ছোট্ট সবুজ পাতাও পৃথিবীর জন্য বড় কাজ করছে।
অরণের ছোট্ট বিজ্ঞান তথ্য
পাতার ভেতরের 'ক্লোরোফিল' সূর্যের আলো ব্যবহার করে গাছের খাবার তৈরি করে। এই প্রক্রিয়াকে বলা হয় 'সালোকসংশ্লেষণ'।
আজকের পরিবেশ ভাবনাঃ
'যে গাছের পাতা সবুজ,সে শুধু নিজের জন্য বাঁচে না।
সে মানুষ,পাখি, প্রাণ-সবার জন্য কাজ করে।'
আজকের প্রশ্নঃ
তোমার সবচেয়ে প্রিয় গাছের পাতার আকার কেমন?
গোল?
লম্বা?
নাকি হৃদয়ের মতো?
মন্তব্যে লিখে জানাও।
-অরণ।