রবিবার, জুন ২১, ২০২৬

লাহোরে আন্তর্জাতিক বিদ্যালয় ক্রিকেটে বাংলাদেশ দল ঘোষণা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২০ ২২:৫৯:২৩

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিতব্য প্রথম এইচিসন আন্তর্জাতিক আন্তঃবিদ্যালয় ক্রিকেট প্রতিযোগিতার জন্য ১৪ সদস্যের বাংলাদেশ সমন্বিত বিদ্যালয় দল চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২০ থেকে ২৮ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আসরে দেশের সম্ভাবনাময় তরুণ ক্রিকেটাররা অংশ নেবে।
এইচিসন কলেজের ১৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিতে বিভিন্ন স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব দেখানো ক্রিকেটারদের মধ্য থেকে দল নির্বাচন করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের সামর্থ্য যাচাইয়ের পাশাপাশি মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে তরুণরা।
পাকিস্তান সফরের আগে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দলের খেলোয়াড়রা আনুষ্ঠানিক আলোকচিত্র ধারণ অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশের পাশাপাশি আসরে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমন্বিত বিদ্যালয় দল এবং স্বাগতিক পাকিস্তানের এইচিসন কলেজ, সরকারি মুসলিম মডেল উচ্চবিদ্যালয়, দ্য সিটি স্কুল, বিকনহাউস স্কুল সিস্টেম ও হাবিব পাবলিক স্কুল।
আগামী ২২ জুন এইচিসন কলেজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে বাংলাদেশ। ২৩ জুন হাবিব পাবলিক স্কুলের মুখোমুখি হবে তারা। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচে সরকারি মুসলিম মডেল উচ্চবিদ্যালয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।
প্রতিযোগিতার দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ জুন। আর শিরোপা নির্ধারণী ফাইনাল গড়াবে ২৮ জুন।
ক্রিকেট বোর্ডের প্রত্যাশা, এ প্রতিযোগিতা তরুণদের আন্তর্জাতিক পরিবেশে খেলার অভিজ্ঞতা দেবে এবং ভবিষ্যতের বড় মঞ্চের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে।
বাংলাদেশ সমন্বিত বিদ্যালয় দলের সদস্যরা হলেন: নাঈম হাসান সবুজ, কাবিদ আল সিয়াম, অদ্রিত ঘোষ, ফারহান সাদিক, রাকিবুল হোসেন, সাঈদ মোহাম্মদ রাফিন, জুনায়েদ হোসেন, মোহাম্মদ সামি, রিয়াদ শেখ, আল আমিন হোসেন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ সাব্বির, স্বপ্ন দাস ও আশরাফুল ইসলাম।

কী-শব্দ: বিদ্যালয় ক্রিকেট,বাংলাদেশ দল,লাহোর টুর্নামেন্ট।


এ জাতীয় আরো খবর