অভিমানের অসুখ যখন চোখ ছুঁয়ে যায়,
আমি ওষুধ খুঁজি সবুজ অরণ্যে;
হাত বাড়িয়ে ছুঁয়ে ফেলি
সেই আটপৌরে ধুলোমাখা ছেলেবেলা!
একমুঠো সবুজ পরম মমতায় মাখিয়ে নিই
আমার শাড়ির আঁচলে।
কিন্তু সেই সবুজ আজ বড় বিবর্ণ—
ধুলো জমছে অরণ্যের চেনা হাসিতে,
ক্রমশ ধূসর হচ্ছে আমাদের বসুমতী!
এই কঠিন কংক্রিটের বুক চিরে
আবার হাসুক অরণ্য,
তার স্নিগ্ধ সবুজ আঁচলে ঢেকে দিক
এই তৃষ্ণার্ত, ক্লান্ত ধরণিকে।
প্রকৃতি বাঁচলে, প্রাণ পাবে শৈশব,
আর ডানা মেলে উড়ে যাবে
সহস্র নীল প্রজাপতি!