সোমবার, জুন ১, ২০২৬

ভেসাক উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা: শ্রীলঙ্কায় ট্রাকের চাপায় নিহত ৬

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-০১ ২১:৩০:২৭
ছবি: সংগৃহীত।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর অদূরে বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে খাবার সংগ্রহের জন্য অপেক্ষমাণ মানুষের ওপর একটি ট্রাক উঠে গেলে অন্তত ছয়জন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন। রোববার গভীর রাতে মীগোদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় ৪২ বছর বয়সী ট্রাকচালক মদ্যপ অবস্থায় ছিলেন। ঘটনার পর তিনি দ্রুত স্থান ত্যাগ করলেও পরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে। প্রাথমিক পরীক্ষায় তার শরীরে মদের উপস্থিতি পাওয়া গেছে।
পুলিশের তথ্য অনুযায়ী, হতাহতরা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব ‘ভেসাক’ উপলক্ষে বিনামূল্যে বিতরণ করা খাবার নেওয়ার জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি মানুষের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।
দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শ্রীলঙ্কায় সড়ক নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে প্রতিবছর প্রায় তিন হাজার মানুষ বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। সাম্প্রতিক এই ঘটনা আবারও বেপরোয়া ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঝুঁকিকে সামনে নিয়ে এসেছে।

কী-ওয়ার্ডস: শ্রীলঙ্কা দুর্ঘটনা,ভেসাক উৎসব,মদ্যপ চালক


এ জাতীয় আরো খবর