শুক্রবার, মে ২৯, ২০২৬

সেনানিবাসে ঈদের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী,সেনাবাহিনীকে বললেন জাতির আস্থার প্রতীক

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-২৮ ২২:০০:১১
ছবি: সংগৃহীত।

পবিত্র ঈদুল আজহার দিনে ঢাকা সেনানিবাসে সেনাসদস্যদের সঙ্গে সময় কাটিয়ে তাদের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় নির্ভরতার প্রতীক হিসেবে দায়িত্ব পালন করে এসেছে। জাতীয় সংকট, দুর্যোগ ও উন্নয়ন কার্যক্রমে বাহিনীর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বৃহস্পতিবার দুপুরে সেনানিবাসে আয়োজিত ঈদ প্রীতিভোজে অংশ নিয়ে অফিসার, জেসিও ও সৈনিকদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। পরে সেনাসদস্যদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর সেনানিবাসের পরিচিত পরিবেশে ফিরে এসে তিনি আবেগাপ্লুত। এখানকার শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সহযোদ্ধাসুলভ সম্পর্ক তার কাছে সবসময় বিশেষ স্মৃতির অংশ হয়ে থাকবে।
তিনি আরও বলেন, যেকোনো দুর্যোগ কিংবা জাতীয় প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর যে ঐতিহ্য সেনাবাহিনী গড়ে তুলেছে, তা দেশের জন্য গর্বের বিষয়। ভবিষ্যতেও বাহিনীর সদস্যরা দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী ইউনিটের সৈনিক লাইন ঘুরে দেখেন। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে সেনাসদস্যদের সঙ্গে আলোকচিত্র ধারণ ও জোহরের নামাজে অংশ নেন।
ঈদের দিনে প্রধানমন্ত্রীর সরাসরি উপস্থিতি সেনাসদস্যদের মধ্যে বাড়তি উৎসাহ ও প্রেরণা সৃষ্টি করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের এই অংশগ্রহণ বাহিনীর মনোবল ও দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এবং ২৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

কী-ওয়ার্ডস: সেনানিবাস, ঈদপ্রীতি, সেনাবাহিনী


এ জাতীয় আরো খবর