রবিবার, মে ৩১, ২০২৬

লেবাননে ইসরাইলি হামলা জোরদার,‘পোড়ামাটি কৌশল’অনুসরণের অভিযোগ প্রধানমন্ত্রীর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৫-৩১ ২০:০৬:৫৩
ছবি: সংগৃহীত।

দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা ও ব্যাপক সরিয়ে নেওয়ার সতর্কতা জারির পর ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন নাওয়াফ সালাম। তিনি অভিযোগ করেছেন, দেশটির বিভিন্ন শহর ও জনপদে ধ্বংসযজ্ঞ চালিয়ে ইসরাইল কার্যত ‘পোড়ামাটি নীতি’ বাস্তবায়ন করছে।
শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে লেবাননের প্রধানমন্ত্রী বলেন, চলমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি দ্রুত ও কার্যকর যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সংঘাত থামাতে আন্তর্জাতিক উদ্যোগ বাড়ানোর আহ্বান জানান।
সালামের ভাষ্য অনুযায়ী, দক্ষিণাঞ্চলের বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং সাধারণ মানুষকে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সংকটকে আরও গভীর করছে।
এদিকে একদিন আগে বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইসরাইলি বাহিনী লেবাননের অভ্যন্তরে আরও অগ্রসর হয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান লক্ষ্য করে অভিযান চালাচ্ছে।
তবে উত্তেজনার মধ্যেও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। ওয়াশিংটনে দুই দেশের সামরিক প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তাবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরও বৈঠকের সম্ভাবনা রয়েছে। যদিও লেবাননের প্রধানমন্ত্রী এসব আলোচনার ফলাফল নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটেছে। একই সময়ে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নাবাতিয়েহ অঞ্চলের কাছে একটি ড্রোন হামলায় তাদের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
অন্যদিকে, হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। গোষ্ঠীটির দাবি, সংশ্লিষ্ট এলাকাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিতে এখনও সক্ষম হয়নি ইসরাইলি সেনারা।
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে তাদের ভূখণ্ডের দিকে ২৫টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। পাল্টা অভিযানও অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, সীমান্তজুড়ে ক্রমবর্ধমান হামলা-পাল্টা হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। ফলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে এবং আন্তর্জাতিক মহলেও উদ্বেগ গভীর হচ্ছে।

কী-ওয়ার্ডস: লেবানন সংকট, ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি


এ জাতীয় আরো খবর