সোমবার, জুন ১, ২০২৬

না ফেরার দেশে তোফায়েল আহমেদ,রাজনৈতিক অঙ্গনে শোক

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৬-০৬-০১ ২০:২৪:২০
ফাইল ছবি

সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিক তোফায়েল আহমেদ আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবার ও হাসপাতাল সূত্র জানিয়েছে, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন এই প্রবীণ রাজনীতিবিদ।
১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৬৭ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৬৯-এর গণ-অভ্যুত্থান-এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।
১৯৭০ সালের নির্বাচনে মাত্র ২৭ বছর বয়সে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থেকে নয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন মেয়াদে মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

কী-ওয়ার্ডস:তোফায়েল আহমেদ,প্রবীণ রাজনীতিক,রাজনৈতিক শোক


এ জাতীয় আরো খবর