চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অটোরিক্সা কেড়ে নেবার জন্য রুমন আলী(২৩) নামে এক চালককে গত ২১ আগষ্ট অপহরণের পর হত্যা করে মরদেহ গুম করে দূবৃত্তরা। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের পর তাদের দেয়া তথ্যে উদ্ধার হয়েছে মরদেহ। বুধবার (২৬ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঘটনার ৫দিন পর রুমনের অর্ধগলিত খন্ডিত মরদেহ শিবগঞ্জের পুঁটিমারি বিলের একটি আখক্ষেতের মধ্যে থেকে উদ্ধার করেছে পুলিশ।
নিহত রুমন শিবগঞ্জের কানসাট ইউনিয়নের মোহনবাগান গ্রামের রাজু আহমেদের ছেলে। গ্রেপ্তার ৩ জন হলেন, কানসাট সেলিমাবাদ খানপাড়ার মনিরুল খানের ছেলে অসিম ওরফে ওয়াসিম(৩০), কানসাট বিশ^নাথপুর গ্রামের নুরুলের ছেলে রফিকুল(৩৪) ও কানসাট বাগদূর্গাপুর কলকলিয়া গ্রামের আতাউরের ছেলে ওমর ফারুক।
পুলিশ জানায়, রুমন নিখোঁজের ঘটনায় তার বাবা ২২ আগষ্ট থানায় নিখোঁজ জিডি করে। পুলিশ প্রাপ্ত বিভিন্ন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৩ তারিখ ৩ জনকে আটক করে অটোরিক্সাটি উদ্ধার করে। এরপর ওই দিন শিবগঞ্জ থানায় অপহরণ মামলা হয়। মামলার পর গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ডে নিলে আসামীরা খুনের কথা স্বীকার করে। পরে তাদের দেখিয়ে দেয়া স্থান হতে বুধবার সন্ধ্যায় রুমনের মরদেহ উদ্ধার হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।