বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

কর্মকর্তাদের চেয়ারের পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নিয়ে হাইকোর্টের নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-০৮-২৬ ০০:০৮:০৫
ফাইল ছবি

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার, সোফা কিংবা টেবিলের পেছনে আইন ও বিধিমালা অনুসরণ না করে জাতীয় পতাকা প্রদর্শন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের শুনানি শেষে রুলসহ এ অন্তর্বর্তী আদেশ দেন।
আদালতে রিটটি দায়ের করেন আইনজীবী শরিফ সরকার। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এইচ এম সানজিদ সিদ্দিকী।
আদেশে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা যেন তাঁদের চেয়ার বা সোফার পাশে কিংবা পেছনে আইনবহির্ভূতভাবে জাতীয় পতাকা প্রদর্শন না করেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
একই সঙ্গে কর্মকর্তার পেছনে বা চেয়ারের পেছনে রেখে জাতীয় পতাকা প্রদর্শনের এ ধরনের ব্যবহার কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
রিটকারীর আইনজীবী জানান, জাতীয় পতাকা বিধিমালা, ১৯৭২ অনুসরণ করে সরকারি দপ্তরগুলোতে পতাকা প্রদর্শনের বিষয়টি যাচাই করতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। কমিটিতে একজন বিচারিক কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে রাখার কথা বলা হয়েছে। কমিটিকে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আইনজীবী সানজিদ সিদ্দিকীর ভাষ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মকর্তাদের চেয়ার বা টেবিলের পেছনে জাতীয় পতাকা প্রদর্শনের প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু প্রচলিত বিধিমালায় এভাবে পতাকা প্রদর্শনের সুযোগ নেই।
তিনি আরও জানান, জাতীয় পতাকা বিধিমালায় নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের দপ্তর, বাসভবন ও গাড়িতে পতাকা ব্যবহারের বিধান রয়েছে। ভবনে পতাকা প্রদর্শনের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পতাকা প্রদর্শন এবং পতাকাকে যথাযথভাবে উড্ডীয়মান রাখার বিধান রয়েছে।
আদালতের এ নির্দেশের ফলে সরকারি দপ্তরে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের বিষয়টি নতুন করে গুরুত্ব পেল।

জাতীয় পতাকা, হাইকোর্ট, বিধিমালা


এ জাতীয় আরো খবর