ফ্রান্সের সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি করেছে সৌদি আরব। আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট শিল্পে সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) প্যারিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি বাসভবন ও দপ্তর এলিসি প্রাসাদে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সৌদি আরবের পক্ষে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভৌত্রিন চুক্তিতে সই করেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান উপস্থিত ছিলেন।
নতুন এই প্রতিরক্ষা অংশীদারিত্বের আওতায় দুই দেশের প্রতিরক্ষা সক্ষমতা উন্নয়নের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রশিক্ষণ ও শিক্ষা এবং এসব ক্ষেত্রে বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন চুক্তিটি দুই দেশের বিদ্যমান সহযোগিতাকে আরও বিস্তৃত করবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট প্রতিরক্ষা খাতে যৌথ উদ্যোগ এবং বিশেষজ্ঞ জ্ঞান বিনিময়ের বিষয়ে উভয় দেশের অঙ্গীকারও এতে প্রতিফলিত হয়েছে। এর মাধ্যমে জাতীয় সক্ষমতা জোরদারের পাশাপাশি দুই দেশের অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে চলতি মাসের ৭ আগস্ট পাকিস্তান ও তুরস্কের সঙ্গে ত্রিপক্ষীয় প্রতিরক্ষা জোট গঠন করে সৌদি আরব। মক্কায় স্বাক্ষরিত ওই চুক্তি বিভিন্ন সংবাদমাধ্যমে ‘মক্কা জোট’ হিসেবে পরিচিতি পায়। সৌদি আরবের অর্থনৈতিক সামর্থ্য, তুরস্কের সামরিক প্রযুক্তি ও চালকবিহীন বিমান এবং পাকিস্তানের সামরিক জনবল ও পারমাণবিক সক্ষমতাকে ওই জোটের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
পাকিস্তান ও তুরস্কের সঙ্গে জোট গঠনের মাত্র দুই সপ্তাহের মধ্যে ফ্রান্সের সঙ্গে নতুন প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি সৌদি আরবের প্রতিরক্ষা সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও সামরিক প্রশিক্ষণে ফ্রান্সের সঙ্গে সহযোগিতা সৌদি প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: সৌদি গেজেট, আনাদোলু এজেন্সি
সৌদি-ফ্রান্স, প্রতিরক্ষা, সামরিক