রবিবার, মে ২৪, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত FOPL প্রবিধানমালা প্রণয়নের দাবিতে মানববন্ধন

  • আল মামুন রাব্বি
  • ২০২৬-০৫-২৩ ১৬:৩৯:৩৪

জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তাদের স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচনে সচেতন করতে ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং (Front-of-Pack Labelling – FOPL) প্রবিধানমালা দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য সেক্টর, ঢাকা আহ্ছানিয়া মিশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিশ্ব বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তরুণ সংগঠনের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। মানববন্ধনে ছাত্ররা বলেন, বর্তমানে বাংলাদেশে প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত খাদ্যের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ বাড়ছে, যা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ (NCDs) বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে FOPL বাস্তবায়নের ফলে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন বৃদ্ধি এবং অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণ হ্রাস এবং চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদকদের পণ্যের গুণগত মান বৃদ্ধির ইতিবাচক প্রমাণ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা FOPL সতর্ক বার্তা সহ কিছু প্রতিকী সহজবোধ্য ও দৃশ্যমান প্ল্যাকার্ড সহ মানববন্ধনে দাঁড়ান। তাঁদের দাবিগুলো হলোঃ FOPL অবশ্যই বাধ্যতামূলক করা, সতর্কবার্তাসহ সহজে বোঝা যায় এবং প্যাকেটের সামনে দেখা যায় এমন ব্যবস্থা করা। যার ফলে ভোক্তারা খাদ্যপণ্যের ঝুঁকি সম্পর্কে ধারণা পাবেন, সহজে এবং সচেতন ভাবে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবেন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (Bangladesh Food Safety Authority) ইতোমধ্যে FOPL বিষয়ে খসড়া প্রবিধানমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে, জনস্বার্থে FOPL নীতিমালা  দ্রুত চূড়ান্তকরণ, কার্যকর এবং বাস্তবায়নের  দাবি জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপ-পরিচালক মোখলেছুর রহমান বলেন, “বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় প্যাকেটজাত খাবারের উপর স্বাস্থ্য বিধিমালা বাস্তবায়ন অত্যন্ত জরুরি। বিশ্বের ৪৪টি দেশের মতো বাংলাদেশেও FOPL নীতিমালা চালু করা সময়ের দাবি।”
আয়োজকরা বলেন, “দেখুন-বুঝুন-তারপর কিনুন”— এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কার্যকর FOPL ব্যবস্থা অত্যন্ত জরুরি। এটি জনস্বাস্থ্য উন্নয়ন, স্বাস্থ্যব্যয় হ্রাস এবং একটি সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং, প্রচেস্টা ফাউন্ডেশন, সোনালী সকাল, মূক্তাক্ষর, ভয়েস ইয়ুথ, মিশন গ্রীন বাংলাদেশ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রকল্প সমন্বয়কারী মাহবুবা রহমান মানববন্ধন সমন্বয় করেন ।


এ জাতীয় আরো খবর