খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের ২০২৪ ব্যাচের শিক্ষার্থী এস. এম. সায়েম ফেরদৌস (স্টুডেন্ট আইডি: ২৪২৫০৩০)-এর জানাজা সোমবার (১৮ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জানাজায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, পরিচালক (ছাত্র কল্যাণ), বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ সায়েম ফেরদৌসের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রবিবার (১৭ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল সংলগ্ন পুকুরে সাঁতার কাটার সময় তিনি পানিতে তলিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে সোমবার (১৮ মে) কুয়েটের সকল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়। জানাজা শেষে মরহুমের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুরো ক্যাম্পাসে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।