ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর খানজাহান আলী থানার আটরা গিলাতলায় আশঙ্কাজনক হারে বাড়ছে নিষিদ্ধ মাদক ইয়াবার বিস্তার। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন নদীপথ ও আঞ্চলিক রুট ব্যবহার করে সংঘবদ্ধ চক্র নিয়মিতভাবে ইয়াবা এনে থানা এলাকার বিভিন্ন মহল্লায় ছড়িয়ে দিচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, ভৈরবনদী সংলগ্ন কয়েকটি গুরুত্বপূর্ণ পথ ব্যবহার করে ইয়াবা প্রবেশ করছে। বিশেষ করে ইষ্টার্নগেট আমতলা খেয়াঘাট, শিরোমনি ফাঁড়ি সংলগ্ন গিলাতলা (সোনাতলা) বাজার খেয়াঘাট,বারাকপুর খেয়াঘাট,গিলাতলা গাজীপাড়া ঘাট ও আশপাশের বিভিন্ন এলাকা বর্তমানে মাদক পরিবহনের ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
এরপর স্থানীয় ডিলার ও সাব-ডিলারদের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এসব মাদক সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। গিলাতলা দক্ষিনপাড়া,গাজীপাড়া, মক্তবমোড়, মশিয়ালী,গাবতলা, আফিলগেট বাইপাস সড়ক , শিরোমনি সহ বিভিন্ন স্থানে খুচরা পর্যায়ে ইয়াবা বিক্রির তথ্য পাওয়া গেছে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন এর বাজার এলাকাতেও মাদক ছড়িয়ে পড়ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।এলাকাবাসীর দাবি, একটি প্রভাবশালী মাদকচক্র দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের মতে, ইয়াবার সহজলভ্যতার কারণে তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ছে এবং চুরি, ছিনতাইসহ নানা অপরাধও বৃদ্ধি পাচ্ছে।
সচেতন মহল বলছে, দ্রæত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তারা চিহ্নিত মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।এ বিষয়ে কেএমপির দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে ,মাদক ব্যবসায়িদের তালিকা ধরে ধরে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।তিনি আরও বলেন, শুধু বড় ডিলার নয়, খুচরা বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধেও একযোগে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে পুরো নেটওয়ার্ক শনাক্তের কাজ চলছে বলেও জানান তিনি।