রবিবার, মে ১০, ২০২৬

জনগণের বিরুদ্ধে পুলিশকে ব্যবহার ঠেকাতে নতুন শপথের আহ্বান প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-১০ ১৪:০১:৫১
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের স্বাধীনতা ও জনগণের অধিকারের বিরুদ্ধে ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক পুলিশ বাহিনীকে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে নতুন শপথ নিতে হবে।
রোববার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের শান্তি, নিরাপত্তা ও জানমালের সুরক্ষা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন, পুলিশ সদস্যরা সততা, পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন।
মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগে হানাদার বাহিনীর বিরুদ্ধে পুলিশের প্রতিরোধ ছিল স্বাধীনতার লড়াইয়ের এক গৌরবময় অধ্যায়।
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ভোটে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই জনগণের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় পুলিশ বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, দেশীয় দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশের পুলিশ সুনামের সঙ্গে কাজ করছে। নারী পুলিশ সদস্যদের অবদানও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানে তিনি প্যারেডে অংশ নেওয়া সদস্যদের অভিনন্দন জানান এবং পুলিশ সপ্তাহ-২০২৬ এর সার্বিক সফলতা কামনা করেন।

কী-শব্দ: পুলিশ সপ্তাহ, নতুন শপথ, গণতন্ত্র রক্ষা


এ জাতীয় আরো খবর