রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামীকাল শনিবার যুক্তরাজ্য সফরে যাচ্ছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে।
রাষ্ট্রপতির প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বাণিজ্যিক ফ্লাইট শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে।
রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে থাকবেন তার সহধর্মিণী ডা. রেবেকা সুলতানা,পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
প্রেস উইং সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের ফলো-আপ চিকিৎসার অংশ হিসেবেই এই স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ১৮ মে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার দেশে ফেরার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছিল।
কী-ওয়ার্ড: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন,লন্ডন সফর, স্বাস্থ্য পরীক্ষা