চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে সিএনজি চালিত অটোরিক্সায় পাচারকালে বিজিবির অভিযানে ৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ ডিএক্স সিরাপসহ মো.ফরিদ(৪৫) নামে ওই অটোরিক্সা চালক গ্রেপ্তার হয়েছেন। অভিযানে জব্দ হয়েছে অটোরিক্সাটি। গ্রেপ্তার ফরিদ শিবগঞ্জের কানসাট চককীর্তি এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
বিজিবি জানায়,গত রোববার(১৫ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে সোনামসজিদ বিওপির একটি টহল দল মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৪/৪ এস হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাক টার্মিণাল এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে অভিযানটি চালায়।
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্যাটালিয়ন(৫৯বিজিবি) অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সিএনজি যোগে মাদক পাচারের গোপন খবরে অভিযান চালানো হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হবে। অধিনায়ক কিবরিয়া আরও বলেন, গত ৩ মাসে ৫৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩ হাজার ১০০ বোতল ফেনসিডিলের বিকল্প বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে সার্বক্ষনিক নজর রাখছে বিজিবি বলেও জানান অধিনায়ক।