সোমবার, মে ৪, ২০২৬

পরিবেশবান্ধব পরিবহনে বড় প্রণোদনা,ইলেকট্রিক বাস-ট্রাকে কর ছাড়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৫-০৩ ২৩:০৭:২৫
ছবি: সংগৃহীত।

দেশে সবুজ ও আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানিতে বড় ধরনের শুল্ক-কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, পরিবেশ উন্নয়ন এবং আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত শর্তসাপেক্ষে আগামী ৩০ জুন পর্যন্ত নামমাত্র কর পরিশোধ করে ইলেকট্রিক বাস ও ট্রাক আমদানি করা যাবে। ন্যূনতম ১৭ আসনবিশিষ্ট নতুন ইলেকট্রিক বাসের ক্ষেত্রে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বহাল থাকলেও অন্যান্য শুল্ক ও কর থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সুবিধা পাচ্ছে ৫ টন বা তার বেশি ধারণক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক ট্রাকও। ফলে আমদানিকারকদের ওপর মোট করভার সীমিত হয়ে ১৫ শতাংশে নেমে আসবে, যা এ খাতে বিনিয়োগে নতুন গতি আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সরকারের এ উদ্যোগ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

কী-ওয়ার্ড:ইলেকট্রিক যান,কর ছাড়,সবুজ পরিবহন


এ জাতীয় আরো খবর