শনিবার, মে ২, ২০২৬

সিলেট-ঢাকা যোগাযোগে বড় উদ্যোগ,সড়ক-রেলে একসঙ্গে অগ্রগতি

  • সিলেট প্রতিনিধি::
  • ২০২৬-০৫-০২ ১৮:১৯:২৭
ছবি: সংগৃহীত।

সিলেট-ঢাকা রুটে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সড়কের দুরবস্থা দূর করার পাশাপাশি রেল যোগাযোগ শক্তিশালী করতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে।
সিলেট সিটি কর্পোরেশনের এক সুধী সমাবেশে তিনি জানান, দীর্ঘদিন ধরে এই রুটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। কোথাও ভাঙাচোরা রাস্তা, কোথাও ধীরগতির যান চলাচল—সব মিলিয়ে সময় ও অর্থ দুই-ই অপচয় হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার এ সমস্যার স্থায়ী সমাধানে এগোচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণসহ কিছু প্রশাসনিক জটিলতা থাকলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় তা সমাধানে উদ্যোগ নিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত কাজ শুরু হয়ে দুই থেকে তিন বছরের মধ্যে দৃশ্যমান অগ্রগতি আসবে।
তিনি আরও জানান, শুধু সড়ক নয়-রেলপথকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সিলেট-ঢাকা রেলপথে ডাবল লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা যাতায়াতকে দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করবে। এতে ব্যবসা-বাণিজ্যেও গতি বাড়বে বলে মনে করা হচ্ছে।
গ্রামীণ স্বাস্থ্যসেবা উন্নয়নের কথাও তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রান্তিক মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের বেশিরভাগই নারী।
একইসঙ্গে সিলেটে নতুন হাসপাতাল চালু, শিল্প-কারখানা সম্প্রসারণ এবং তথ্যপ্রযুক্তি খাতে কর্মসংস্থান তৈরির উদ্যোগের কথাও জানান তিনি।
সমাবেশে তিনি বলেন, উন্নয়ন শুধু অবকাঠামোতে সীমাবদ্ধ নয়; জনগণের সচেতনতা বাড়ানোও জরুরি। বিশেষ করে নগর ব্যবস্থাপনায় বর্জ্য ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

কী-ওয়ার্ড:সড়ক উন্নয়ন,রেল যোগাযোগ,সিলেট পরিকল্পনা


এ জাতীয় আরো খবর