বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

অ রু ণি মা চ্যা টা র্জী

  • আমায় তুমি অনেক দিলে
  • ২০২৬-০৪-২২ ১৯:৩৭:৩৬

আমায় তুমি অনেক দিলে !
নিকোটিনের ধোঁয়া দিলে,
পলাশ জারুল ভুলিয়ে দিলে !
স্বপ্ন ধুয়ে কান্না দিলে। 
ব্যথার মস্ত কাব্য দিলে ,
অবিশ্বাসের আকাশ দিলে 
আস্ত গভীর রাতটা দিলে !

দানের  খাতা বড্ড ভারী 
তাইতো আমার জন্ম আড়ি !
আমার চুলে সাঁঝ নেমেছে,
মরা নদীর পাড় ভেঙেছে। 
রূপসায়রের উছল গাঙে
চুল খুললেই আকাশ ভাঙে।

আমায় তুমি ভরিয়ে দিলে,
হঠাৎ করে বৃষ্টি এলে !
মেঘে মেঘে ছাইছে এ মন !
ডালিম ক্ষত অঝোর শ্রাবণ।
এত এত ঋণের বোঝা,
মানুষ আমি বড্ড সোজা !

পাথর ছিলে পাহাড় হলে !
আমায় তুমি ভুলেই গেলে ?
পাহাড় ফেটে ঝরনা হলাম। 
নদীর সাথে গা ভাসালাম। 
পাহাড় তুমি ভাঙছো মানো ?
ভাঙা হৃদয় জুড়তে জানো ?

আমায় তুমি অনেক দিলে, 
আমিও এবার দিলাম কিছু। 
দিলাম তোমায় অনেকটা ক্ষয় !
আমার ব্যথা ! তোমার তো নয় !
রক্ত ধুয়ে ক্ষত দিলাম। 
ভুলে গিয়ে মুক্তি দিলাম। 
অপ্রেমের ফাঁকফোকরে 
আমিও কিছু শিখে নিলাম।


এ জাতীয় আরো খবর