হামের প্রাদুর্ভাব মোকাবেলায় সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। এ তথ্য নিশ্চিত করেছেন ইপিআই-এর সহকারী পরিচালক হাসানুল মাহমুদ।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে সরদার মো. সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জে পৃথকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন।
এর আগে ৫ এপ্রিল প্রথম ধাপে ১৮ জেলার ৩০ উপজেলায় এবং ১২ এপ্রিল দ্বিতীয় ধাপে ঢাকা উত্তর ও দক্ষিণসহ চারটি সিটি করপোরেশনে এই টিকাদান কার্যক্রম শুরু হয়। এবার তা দেশব্যাপী বিস্তৃত হচ্ছে।
স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি করপোরেশন এলাকায় এই ক্যাম্পেইন চলবে ২০ মে পর্যন্ত এবং দেশের অন্যান্য স্থানে ১২ মে পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে অসুস্থ বা জ্বরে আক্রান্ত শিশুদের তাৎক্ষণিকভাবে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ পূর্ণ না হলে দ্বিতীয় ডোজ না নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের আশা, দ্রুত এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের বর্তমান হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।
কী-ওয়ার্ডস:
হাম টিকাদান,রুবেলা ক্যাম্পেইন,শিশু স্বাস্থ্য