রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

উপজেলা স্বাস্থ্যসেবা জোরদারে বিকেন্দ্রীকরণে জোর,নতুন পরিকল্পনার ঘোষণা প্রধানমন্ত্রীর

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৪-১৮ ২১:০৮:০৮
ছবি: সংগৃহীত।

উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উন্নত চিকিৎসাসেবা ঢাকাকেন্দ্রিকতা থেকে বের করে জেলা ও উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম অগ্রাধিকার।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত ‘উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য দূর করতে ধাপে ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, বিশেষজ্ঞ চিকিৎসক ও উন্নত ল্যাব সুবিধা রাজধানীকেন্দ্রিক থাকায় গ্রামীণ জনগণ বঞ্চিত হচ্ছে, যা পরিবর্তনে সরকার কাজ করছে।
‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর’ নীতিকে সামনে রেখে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। দেশে মোট মৃত্যুর বড় অংশ অসংক্রামক রোগের কারণে হওয়ায় উপজেলা পর্যায়ে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো রোগের নিয়মিত স্ক্রিনিং জোরদারের আহ্বান জানান।
স্বাস্থ্যখাতে বড় পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ নিশ্চিতের পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে প্রতিটি উপজেলায় এবং পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন করা হবে। এসব ইউনিটে সেবা দিতে সারাদেশে ১ লাখ ‘হেলথ কেয়ারার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ৮০ শতাংশই নারী হবেন।
তিনি আরও জানান, নাগরিকদের স্বাস্থ্যতথ্য সংরক্ষণের জন্য শিগগিরই চালু করা হবে সমন্বিত ই-হেলথ কার্ড। পাশাপাশি একটি জাতীয় স্বাস্থ্যবীমা ব্যবস্থাও চালুর পরিকল্পনা রয়েছে, যাতে চিকিৎসা ব্যয়ে কেউ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।
মা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিতের ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিরাপদ মাতৃত্বকালীন সেবার কেন্দ্রে পরিণত করতে হবে। অতীতে টিকাদানে ঘাটতির কারণে সৃষ্ট সমস্যার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যব্যবস্থার উন্নয়নে তাদের অবদান অপরিহার্য। একই সঙ্গে তাদের আবাসন, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতেও সরকার কাজ করছে।
সম্মেলনে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে দিকনির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্বাস্থ্যখাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন উপজেলা পর্যায়ের চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়।

কী-ওয়ার্ডস:
উপজেলা স্বাস্থ্যসেবা,স্বাস্থ্য বিকেন্দ্রীকরণ,ই-হেলথ কার্ড


এ জাতীয় আরো খবর