বুধবার, জুন ২৪, ২০২৬

ই ভা ও স মা ন

  • সেই একটি রাত
  • ২০২৬-০৩-২০ ০০:০৬:১৫

ঐ যে সেদিন
মধ্যরাতে অঝোরে বৃষ্টি ঝরছিল,
বিদ্যুৎ চমকে উঠছিল বারবার
আর আমি,
ভয়ে সিঁটিয়ে
ঘরের এক কোণে
অন্ধকারে বসেছিলাম রাতভর।

ঠিক এমনই একটি রাতে
বহুকাল আগে-
ঝড়ের বেগে বৃষ্টি নেমেছিল 
কাঁপিয়ে দিয়েছিল আকাশ
ভয়ানক বজ্রপাত।

রাস্তার ধারের সেই বড় বটগাছটি
চোখের সামনে
এক নিমিষে
উপড়ে পড়ে গেল,
চারপাশ ডুবে গেল অন্ধকারে।

আমি দাঁড়িয়ে ছিলাম নিঃশব্দে-
আর তাকিয়ে দেখছিলাম 
খাটে শুয়ে থাকা অসুস্থ তোমাকে 
নিভু নিভু মোমবাতির আলোয়।

তুমি চলে যাচ্ছ
ধীরে ধীরে-
আমার চোখের আড়ালে,
ঠিক যতটা আড়ালে গেলে
একটি মানুষ অদৃশ্য হয়ে যায়!

আমি যতটা অসহায় ছিলাম,
তুমিও ঠিক ততটাই অসহায় ছিলে! 
শুধু  আমি বুঝতে পারছিলাম,
সবকিছুই
হাতের বাইরে চলে যাচ্ছে।

রাতের আকাশ ফর্সা হলো,
বৃষ্টিও থেমে গেল।

সেই একটি রাত
আমার পুরো পৃথিবীটাকে 
তছনছ করে, একেবারে 
ভাসিয়ে দিয়ে চলে গেল....
 


এ জাতীয় আরো খবর