প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী ও ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্ধারিত তিন শ্রেণির যাত্রীরা নিজ নিজ আইডি কার্ড ও জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে ট্রেনের ভাড়ায় এ ছাড় পাবেন। আগামী কুরবানি ঈদের আগেই এ সুবিধা চালু করা হবে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, অতীতে রেলের উন্নয়নের নামে বিপুল অর্থ ব্যয় করা হলেও বাস্তব অগ্রগতি হয়নি। প্রায় এক লাখ কোটি টাকার উন্নয়ন কাজ কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রীর ভাষ্য, ইঞ্জিন সংকট, ট্রেনের অপ্রতুলতা ও যান্ত্রিক ত্রুটির কারণে রেলসেবা কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেনি।
মন্ত্রী আরও জানান, সরকার রেলের সার্বিক উন্নয়ন চায়। বর্তমানে চালু থাকা ট্রেনগুলোর গতি বৃদ্ধি এবং কম সময়ে যাতায়াত নিশ্চিত করতে বিদ্যমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া নতুন কয়েকটি প্রকল্প গ্রহণের প্রক্রিয়া চলছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে রেলসেবা আরও শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।