বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

চীনা ব্যবসায়ীদের কাছে সম্ভাবনার বাংলাদেশ তুলে ধরলেন প্রধানমন্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-২৫ ১১:৩১:৫৬
ছবি: সংগৃহীত।

চীনের বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশকে সম্ভাবনাময় শিল্প ও ব্যবসার গন্তব্য হিসেবে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য প্রস্তুত একটি দেশ, যেখানে দীর্ঘমেয়াদি শিল্প সহযোগিতা ও টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ ফোরাম’ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এ আয়োজন বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে চীনের ১২৫ জন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নেন। অনুষ্ঠানে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, শিল্প সম্ভাবনা এবং সরকারি প্রণোদনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার আগ্রহী। তিনি চীনা প্রতিষ্ঠানগুলোকে তাদের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার বিস্তার বাংলাদেশে করার আহ্বান জানান।
তিনি জানান, বিদেশি বিনিয়োগের পথ আরও সহজ ও কার্যকর করতে সরকার ১৮০ দিনের একটি কর্মসূচি বাস্তবায়ন করছে। এর আওতায় প্রশাসনিক জটিলতা কমানো, সরকারি সেবাকে প্রযুক্তিনির্ভর করা, নীতিগত স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিনিয়োগ অবকাঠামো সম্প্রসারণের বিষয়েও বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। একই সঙ্গে মোংলায় প্রতিষ্ঠিত হচ্ছে দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল।
চীনা উদ্যোক্তাদের জন্য সেবা সহজ করতে শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করা হবে বলেও জানান তিনি। সরকারের এই উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা আরও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ-চীন,বিনিয়োগ ফোরাম,শিল্পাঞ্চল


এ জাতীয় আরো খবর