বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

স্পেনের কাছে হেরে বিদায় উরুগুয়ের,গ্রুপসেরা লা রোজা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৬-০৬-২৭ ১০:১২:৩৮
ছবি: সংগৃহীত।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গেল গ্রুপ পর্বেই। শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে উঠেছে স্পেন।
গ্রুপসেরা হওয়ায় শেষ ৩২-এ আর্জেন্টিনার মুখোমুখি হওয়া এড়াতে পেরেছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়নরা। আগামী বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসে তাদের প্রতিপক্ষ হবে অস্ট্রিয়া অথবা আলজেরিয়া।
অন্যদিকে উরুগুয়ের পরাজয়ে বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির আর্জেন্টিনা।
ম্যাচের একমাত্র গোলটি আসে প্রথমার্ধের শেষ দিকে। ৪২ মিনিটে মার্কোস লোরেন্তের ক্রস থেকে আলেক্স বায়েনার নেওয়া তুলনামূলক দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাত ফসকে ধীরে ধীরে জালে ঢুকে যায়। অভিজ্ঞ এই গোলরক্ষকের ভুলেই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।
বিরতির পর মুসলেরার পরিবর্তে সার্জিও রোশেতকে গোলপোস্টে নামান উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। পরে মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দেকেও তুলে নিয়ে আক্রমণভাগে নতুন গতি আনার চেষ্টা করেন তিনি। তবে তাতেও ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
স্পেনও দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন আনে। কোচ লুইস দে লা ফুয়েন্তে দানি ওলমো ও ফাবিয়ান রুইজকে মাঠে নামানোর পর আক্রমণে আরও প্রাণ ফিরে পায় লা রোজা।
ইনজুরি কাটিয়ে দলে ফেরা লামিন ইয়ামাল কয়েকটি দৃষ্টিনন্দন আক্রমণ গড়ে তুললেও সহজ একটি সুযোগ কাজে লাগাতে পারেননি। হ্যামস্ট্রিং চোট থেকে সদ্য সেরে ওঠায় তাকে সতর্কতার অংশ হিসেবে ম্যাচ শেষের ১৫ মিনিট আগে তুলে নেওয়া হয়।
শেষ দিকে বদলি হিসেবে নামা ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। তবে গোলরক্ষককে একা পেয়েও তাঁর শট ক্রসবারে লেগে ফিরে আসে।
টুর্নামেন্টের শুরুতে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করলেও এরপর সৌদি আরবকে ৪-০ গোলে হারানো এবং উরুগুয়ের বিপক্ষে জয় স্পেনকে আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে আক্রমণভাগের ধার আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
এই জয়ে স্পেন প্রতিযোগিতামূলক ফুটবলে টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার কৃতিত্ব ধরে রাখল। পাশাপাশি এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো গোলও হজম করেনি তারা।
অন্যদিকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া দলগুলোর মধ্যে উরুগুইয়ের অবস্থানই ছিল সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে, যা তাদের বিদায়কে আরও হতাশাজনক করে তুলেছে।

স্পেন, উরুগুয়ে, বিশ্বকাপ


এ জাতীয় আরো খবর