বুধবার, জুন ২৪, ২০২৬

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০৬-২৪ ১১:৪৯:১৫
ছবি: সংগৃহীত।

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের কোনো সম্মেলনে যোগ দিলেন।
বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ, প্রযুক্তিগত পরিবর্তন,টেকসই উন্নয়ন এবং বিনিয়োগ সম্প্রসারণের নানা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এই আয়োজনে।
সম্মেলনে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ব্যবসায়ী নেতাদের সামনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। সরকারের আশা, এই অংশগ্রহণের মাধ্যমে দেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে।
এর আগে মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী জানান,সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ উৎসাহিত করতে বাংলাদেশে কর-সুবিধা দেওয়া হয়েছে। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়ন কার্যক্রমের প্রশংসা করে বলেন, এসব উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের আগ্রহ বাড়াতে সহায়ক হবে। তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠকের একপর্যায়ে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।

দালিয়ান সম্মেলন,তারেক রহমান,বিনিয়োগ সম্ভাবনা


এ জাতীয় আরো খবর