চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ২২ লক্ষ টাকা মূল্যের ১০টি ভারতীয় গরু জব্দ হয়েছে। বিজিবি জানায়, সোমবার(২ মার্চ) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩’বিজিবি) আওতাধীন এলাকা থেকে গরুগুলো জব্দ হয়।
এর আগে গত ফেব্রুয়ারী’২৬ মাসজুড়ে ৫৩ বিজিবি আওতাধীন সদর ও জেলার শিবগঞ্জ উপজেলা সীমান্তে পৃথক অভিযানে প্রায় পৌনে ১ কোটি টাকা মূল্যের ৩৫টি ভারতীয় গবাদিপশু জব্দ করে জেলা শুল্ক কার্যালয়ে জমা করে।
৫৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সোমবার সকালে দুটি পৃথক অভিযানে সদরের চরবাগডাঙ্গা বিওপি টহল দল সুন্দরপুর ইউনিয়নের কালীনগর গ্রাম হতে ৮টি এবং সদরের বাখের আলী বিওপি টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচচুর চর গ্রাম হতে ২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দ ওই ১০টি গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে। এর আগে গত ফেব্রুয়ারী মাসে ৫৩ বিজিবি ৩৩টি গরু এবং ২টি মহিষ জব্দ করে। সীমান্তে বিজিবি চোরচালান রোধে সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে বলেও জানান বিজিবি।