আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান ‘অপারেশন গজব-লিল হক’-এ কাবুলে ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন-এমন দাবি উঠেছে আন্তর্জাতিক মহলে।
আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক Open Source Intelligence–এর ইউরোপ শাখা এক বার্তায় এ তথ্য জানায়। তবে এখন পর্যন্ত তালেবান বা পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে এ দাবি নিশ্চিত করেনি।
২০২১ সালে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতায় ফেরার পর থেকে আখুন্দজাদা দল ও সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নির্দেশনাতেই দেশটির শাসনব্যবস্থা পরিচালিত হচ্ছিল।
সংঘাতের সূত্রপাত গত ২১ ফেব্রুয়ারি। পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সক্রিয় নিষিদ্ধ গোষ্ঠী টিটিপিকে লক্ষ্য করে আফগানিস্তানের নানগারহার ও পাকতিয়া প্রদেশে বিমান হামলা চালায়। ওই হামলায় ৮০ জনের বেশি মানুষ নিহত হওয়ার অভিযোগ ওঠে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানায় তালেবান।
এর জবাবে বৃহস্পতিবার রাতে আফগান সেনাপ্রধান ফাসিহুদ্দিন ফিৎরাত-এর নির্দেশে ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিতে হামলা চালানো হয়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের কথা জানিয়ে কঠোর হুঁশিয়ারি দেন।
পরিস্থিতির জেরে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, পাকিস্তানের ধৈর্যের সীমা অতিক্রম করেছে এবং প্রয়োজনে যুদ্ধের মাধ্যমেই পরিস্থিতির সমাধান করা হবে।
তালেবান প্রধানের মৃত্যুর দাবি সত্য হলে তা আফগানিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার সামগ্রিক ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা। তবে এখনো বিষয়টি নিয়ে স্পষ্ট আনুষ্ঠানিক ঘোষণা না আসায় পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বজায় রয়েছে।
কী-ওয়ার্ডসঃঅপারেশন গজব-লিল হক,তালেবান,পাকিস্তান-আফগানিস্তান সংঘাত