চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি বাড়ির আধাপাকা নির্মাণাধীণ একটি পরিত্যক্ত ঘরের মেঝের মাটির নীচে দুটি বালতিতে পুঁতে রাখা ১২টি ককটেল দু’দফায় উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। পুলিশ জানায়, সোমবার(২১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রানীহাটী ইউনিয়নের ঘোড়াষ্ট্যান্ড জামতলা চৌধুরী মোড় এলাকায় একটি বাড়ির পরিত্যক্ত একটি ঘরের মেঝের মাটি খোঁড়ার কাজ করছিলেন ওই বাড়ির মালিক জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যাক্তি। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলে এবং একটি বালতিতে ৫টি ককটেল দেখতে পেয়ে তিনি ‘৯৯৯’ হটলাইনে পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মাটির নীচে একটি বালতিতে রাখা ৫টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এরপরই ওই বাড়ির মালিক আবারও ককটেল সহ আরেকটি বালতি থাকার কথা জানালে পুলিশ আবারও ঘটনাস্থলে গিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে আরেকটি বালতিতে রাখা ৭টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ওই এলাকায় আতংক বিরাজ করছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বলেন, একটি ককটেল বিস্ফোরণের পর পুলিশ রানীহাটী এলাকার একটি ঘর থেকে থেকে লাল ও কালো রং এর দুটিতে বালতিতে লাল ও কালো স্কচটেপ মোড়ানো ১২টি ককটেল উদ্ধার করেছে। কে বা কারা কেন ওই ঘরে ককটেল মজুদ করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয় নি। ওই এলাকাটি সন্ত্রাসপ্রবণ বলেও জানান ওসি। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ।