মঙ্গলবার, মে ২৬, ২০২৬

সুইজারল্যান্ড সংলাপে অগ্রগতি,পরবর্তী বৈঠক ভিয়েনায়

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০২-২৭ ১০:৫৩:৫১
ফাইল ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মধ্যস্থতাকারীরা। আগামী সপ্তাহে অস্ট্রিয়ার ভিয়েনায় পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, ওমানের মধ্যস্থতায় এই আলোচনা এমন এক সময়ে হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন চুক্তিতে পৌঁছাতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন এবং হামলার হুঁশিয়ারিও দিয়েছেন।
ইরান আলোচনায় কেবল তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে চাইলেও যুক্তরাষ্ট্র চায় তেহরান ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত করুক এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করুক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে। তিনি জানান, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরবর্তী বৈঠক হতে পারে। এর আগে ভিয়েনায় জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে কারিগরি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে অগ্রগতির কথা নিশ্চিত করেছেন। আলোচনায় জাতিসংঘের পারমাণবিক প্রধান রাফায়েল গ্রোসি উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এদিকে আলোচনা চলাকালে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী USS Gerald R. Ford বর্তমানে ভূমধ্যসাগরে অবস্থান করছে। এছাড়া USS Abraham Lincolnসহ একাধিক ডেস্ট্রয়ার ও যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র চাইছে ইরান তাদের প্রধান তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করুক এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করুক। তবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তার দেশ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না।
সম্প্রতি স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘ভয়ংকর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা’র অভিযোগ তোলেন। ইরান তা প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক।
বর্তমান সংলাপে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

কী-ওয়ার্ডস:ইরান-যুক্তরাষ্ট্র সংলাপ,ভিয়েনা বৈঠক,মধ্যপ্রাচ্য উত্তেজনা


এ জাতীয় আরো খবর