জঙ্গল, পাহাড় পেরিয়ে নির্জন এক বাঁক
সেখানে পাখিদের শিস
আমার মনের দোসর
কে দিয়েছে কবে গালি
আজ পাখির ঠোঁটে ক'রে উড়িয়ে দিলাম
ঠান্ডা বাতাসে স্নান সেরে দেখি
রোদ্দুর ধ্বনিত হচ্ছে বেশ
এত চকচকে আকাশ আগে তো দেখি নি
এই আমি এখন ভেঙে ভেঙে দু ' জন হলাম
নিজেকে গড়ে তোলার জন্য
নিজের প্রগাঢ়তায় নিজেরই আশ্রয়......
কোথায় কবে কে, কারা আসন দেয় নি
কোন্ কান্না ফেলে এসেছি আমি শহরের ভিড়ে
এই পাহাড়ে তার কোনো হালকা চলনও নেই
এখন আমি নিজেকে ভাঙতে থাকি, ভাঙতে থাকি
বাইরে রোদ্দুর ধ্বনিত হচ্ছে বেশ.....