ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৮ আসনে শান্ত ও নিয়ন্ত্রিত পরিবেশে ভোটগ্রহণ চলছে। রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের ৪৮ ও ৪৯ নম্বর ওয়ার্ডের অন্তত ১০টি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং ভোটারদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছে।
বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ নির্বিঘ্নে পরিচালিত হয়েছে। প্রতিদ্বন্দ্বী বিএনপি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকেও ভোট নিয়ে কোনো অভিযোগ তোলা হয়নি। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল দৃশ্যমান এবং নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
কেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তা, পোলিং এজেন্ট ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ৭টায় ভোট শুরু হলেও প্রথমদিকে উপস্থিতি কম ছিল। তবে সকাল সাড়ে ৮টার পর থেকে ভোটার সংখ্যা বাড়তে থাকে। দুপুর পর্যন্ত গড়ে প্রায় ২২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। কোনো কেন্দ্রে ১৩ শতাংশ, আবার কোনো কেন্দ্রে ৪০ শতাংশ পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে।
প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্টরা জানিয়েছেন, ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। নারী ভোটারদের উপস্থিতিও সন্তোষজনক। পরিচয় নিশ্চিত করার নিয়ম মেনে ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। দুপুর পর্যন্ত জাল ভোট বা অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
কেন্দ্রগুলোর বাইরে ভোটার ও সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিভিন্ন বুথে প্রার্থীদের এজেন্টরা দায়িত্ব পালন করছেন এবং তাদের ভাষ্য অনুযায়ী ভোটগ্রহণ নিয়ে কোনো আপত্তি নেই।
কী-ওয়ার্ড:ঢাকা-১৮ নির্বাচন,শান্তিপূর্ণ ভোটগ্রহণ,ভোটার উপস্থিতি