সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ফেনীতে বাসের চাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী নিহত,আহত দুই

  • ফেনী প্রতিনিধি
  • ২০২৬-০৮-১৬ ২৩:৫৬:৫৬

অতিরিক্ত গতির অভিযোগ, নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ; স্মারকলিপি দেবে নিসচা

ফেনীর সিলোনিয়া বাজারে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের চাপায় সুরাইয়া আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া আক্তার সিলোনিয়া হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। সে রিয়াজউদ্দিন ভূঁইয়া বাড়ি, যা স্থানীয়ভাবে জালাল মিকারের বাড়ি নামে পরিচিত, এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. হানিফ এবং মায়ের নাম জোহরা বেগম।
স্থানীয়দের ভাষ্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে থাকা কয়েকজন স্কুলছাত্রীর ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই সুরাইয়া গুরুতর আহত হয় এবং পরে তার মৃত্যু হয়। আহত দুই ছাত্রীকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা বাসটি ভাঙচুর করে সিলোনিয়া হাই স্কুল মাঠে নিয়ে আটকে রাখে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়। নিরাপদ সড়কের দাবিতে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিভিন্ন দাবিও তুলে ধরেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় বাসিন্দা, বাসের যাত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখা। সংগঠনটির প্রাথমিক পর্যবেক্ষণে বৃষ্টির মধ্যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিষয়টি দুর্ঘটনার অন্যতম সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এদিকে দুর্ঘটনাপ্রবণ সিলোনিয়া বাজার এলাকায় পথচারী ও শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুল।
সংগঠনটির পক্ষ থেকে ওই এলাকায় 'ফুটওভার ব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং স্থাপন, প্রয়োজনীয় স্থানে আন্ডারপাস নির্মাণসহ পথচারী পারাপারের নিরাপদ ব্যবস্থা এবং সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ' নেওয়ার দাবি জানানো হয়েছে।
নিসচা ফেনী জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, সিলোনিয়া বাজারসহ জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কপথগুলোতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের কাছে দ্রুত একটি স্মারকলিপি দেওয়া হবে। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের দাবি জানানো হবে।
দুর্ঘটনার বিষয়ে র‍্যাব-৭, হাইওয়ে পুলিশ ও দাগনভূঞা থানা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ, চালকের দায়িত্বে অবহেলা বা বেপরোয়া গতির বিষয়সহ সংশ্লিষ্ট অন্যান্য কারণ খতিয়ে দেখা হচ্ছে।
নিহত সুরাইয়া আক্তারের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ফেনী জেলা শাখা ও মাতৃছায়া ড্রাইভিং স্কুল। একই সঙ্গে আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।
নিসচার পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের প্রতি প্রয়োজনীয় সহায়তা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

সড়ক দুর্ঘটনা | সুরাইয়া | নিরাপদ সড়ক


এ জাতীয় আরো খবর