ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাররা নির্বিঘ্ন ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুপুর ১২টা পর্যন্ত ভোটগ্রহণের হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, সকাল সাড়ে ৭টা থেকে ২৯৯টি আসনের সব কেন্দ্রেই একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং কোনো কেন্দ্রে বিলম্বের ঘটনা ঘটেনি। তিনি নিজেও সকাল ৮টা ২০ মিনিটে ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দিয়েছেন বলে উল্লেখ করেন।
ইসি সচিব জানান, মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে দুপুর পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছে। সে অনুযায়ী ভোটের হার দাঁড়িয়েছে ৩২.৮৮ শতাংশ। তিনি বলেন, তথ্য সংগ্রহের পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। এবার প্রিজাইডিং অফিসারের পরিবর্তে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে, ফলে কিছুটা সময় বেশি লাগছে।
বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনার কথা স্বীকার করে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
মেহেরপুরে ভোট দিয়ে ফেরার পথে একটি মারামারির ঘটনায় দুজন আহত হয়েছেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে ময়মনসিংহের একটি কেন্দ্রে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তার মৃত্যুতে শোক প্রকাশ করেন ইসি সচিব। সেখানে বিকল্প কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
ভোটারদের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে এখনো যারা ভোট দেননি, তাদের কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান ইসি সচিব।
কী-ওয়ার্ড:ভোটের হার ৩২.৮৮ শতাংশ,ইসি ব্রিফিং,জাতীয় সংসদ নির্বাচন