শনিবার, মে ২, ২০২৬

এ স এ ম আ জা দ হো সে ন

  • বিকল্প সত্য
  • ২০২৬-০২-০৪ ১০:১০:৫১

একটা সত্য ছিল,
কিন্তু সেটি ভারী-
তাই তাকে নামিয়ে রাখা হলো,
আর হালকা মিথ্যাকে
উঁচু মঞ্চে তুলে দেওয়া হলো।

এখন সত্য আর প্রমাণ চায় না,
শুধু চায়-
কার কণ্ঠে বলা হচ্ছে,
কত জোরে বলা হচ্ছে,
আর কতবার রিপিট হচ্ছে।

ক্ষুধার বিকল্প সত্য আছে-
“ধৈর্য ধরো, দেশ উন্নয়নের পথে।”
বেকারত্বের বিকল্প সত্য-
'তোমার চেষ্টা কম ছিল।'
নারীর কান্নার বিকল্প সত্য-
'ও তো বাড়াবাড়ি করছে।'

নথিতে সব ঠিক,
গ্রাফে সব ঊর্ধ্বমুখী,
শুধু মানুষের চোখে
ঘুম নেই,
পেটে নেই,
ভরসা নেই।

এখানে চোর বলে-
আমি বিনিয়োগকারী।
লুট বলে-
উন্নয়ন প্রকল্প।
আর প্রশ্ন করলে
তোমাকে ডাকা হয়
ষড়যন্ত্রকারী।

শিক্ষিতরা যুক্তি খোঁজে,
অশিক্ষিতরা বিশ্বাস করে,
আর মাঝখানে সত্যটা
একাই দাঁড়িয়ে থাকে-
কারও দলে নয়।

সোশ্যাল মিডিয়ায়
এক ক্লিকেই ন্যায়বিচার,
এক স্ক্রলে শহীদ,
আর পরের স্ক্রলে
সব ভুলে যাওয়া।

বিকল্প সত্য এমনই-
এটা আয়নায় মুখ দেখে না,
শুধু ভিড় দেখে।

তবু,
কিছু মানুষ এখনো
অস্বস্তিতে থাকে,
কারণ তারা জানে-
সব বিকল্প শেষ হলেও
একটা সত্য থাকে,
যেটা চুপচাপ
সময় গুনছে।

একদিন
মঞ্চ নামবে,
মাইক নীরব হবে,
আর তখন
বিকল্প নয়-
শুধু সত্যই কথা বলবে।


এ জাতীয় আরো খবর