রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

দেবের ‘এমনি’ পোস্টে কি গলল বরফ? টালিপাড়ায় নতুন করে জল্পনা প্রসেনজিৎ–দেব সম্পর্ক ঘিরে

  • বিনোদন ডেক্স
  • ২০২৬-০১-৩১ ২১:১৪:২৭
ফাইল ছবি

টালিউডের জনপ্রিয় প্রযোজক-অভিনেতা দীপক অধিকারী দেব এবং কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে চাপা গুঞ্জন চলছিল। প্রকাশ্যে কিছু না বললেও, কোথাও যেন ভুল বোঝাবুঝি ও মান-অভিমান জমে উঠেছে—এমনই ধারণা তৈরি হয়েছিল টালিপাড়ার একাংশের মধ্যে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সেই জল্পনায় নতুন মাত্রা যোগ হয় সামাজিক মাধ্যমের একটি পোস্টকে ঘিরে। দেব নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও তাঁর ছেলে তৃষাণজিৎকে দেখা যায়। ছবির ক্যাপশনে দেব লেখেন— ‘এমনি’। খুব সাধারণ এই পোস্টই অল্প সময়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে।
দেবের সেই পোস্ট শেয়ার করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লেখেন, ‘তুই এলি, কথা বললি, ভালো লাগলো। নিজের খারাপ লাগাগুলো সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলো সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক। আদর।’ এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই প্রশ্ন উঠতে শুরু করে— তাহলে কি দুজনের মধ্যকার দূরত্ব কমল? নাকি এই বার্তায় লুকিয়ে আছে অন্য কোনো ইঙ্গিত?
এর ঠিক দুদিন আগেই, বুধবার (২৮ জানুয়ারি) ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-এর স্ক্রিনিং কমিটির বৈঠক ঘিরে টালিপাড়ায় উত্তাপ ছড়িয়েছিল। সেই বৈঠকে প্রসেনজিৎ, দেব, জিৎসহ ইন্ডাস্ট্রির একাধিক পরিচিত মুখ উপস্থিত ছিলেন বলে জানা যায়। বৈঠক শেষে অন্দরের কিছু কথা বাইরে ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা জল্পনা।
একাধিক সূত্রের দাবি, ওই বৈঠকে দেবের কিছু মন্তব্যে প্রসেনজিৎ অপমানিত বোধ করেছিলেন। এমনকি ‘পদ্মশ্রী’ সম্মানকে ঘিরে বলা কিছু কথাও ভুল বোঝাবুঝির জন্ম দেয় বলে গুঞ্জন ছড়ায়। যদিও এই বিষয়ে প্রসেনজিৎ, দেব বা জিৎ— কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
এই আবহেই শুক্রবারের ‘এমনি’ পোস্ট এবং তার জবাবে প্রসেনজিতের লেখা নতুন করে প্রশ্ন তুলেছে— ইম্পার বৈঠকের টানাপোড়েন কি তাহলে মিটে গেল? নাকি সৌজন্যের আড়ালে রয়ে গেল অপূর্ণ কথাবার্তা?
এ বিষয়ে গণমাধ্যমের প্রশ্নে ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত জানান, বুধবারের বৈঠক ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। বৈঠকের ভেতরের কথা কীভাবে বাইরে এল, সে বিষয়েও তিনি অবগত নন বলে জানান।
সব মিলিয়ে, দেব-প্রসেনজিৎ সম্পর্কের সমীকরণ সত্যিই বদলাল কি না— তার উত্তর এখনও স্পষ্ট নয়। তবে একটি ফেসবুক পোস্টই যে টালিপাড়ার আলোচনায় নতুন আগুন জ্বালাতে পারে, তার প্রমাণ মিলল আবারও।

কী-ওয়ার্ডসঃদেব প্রসেনজিৎ সম্পর্ক,টালিউড বিতর্ক,ইম্পা বৈঠক


এ জাতীয় আরো খবর