শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

তীব্র শীতঝড়ে যুক্তরাষ্ট্র অচল: ১৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল,১০ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-২৫ ১৬:০৭:৫৮
ছবি: সংগৃহীত।

মার্কিন যুক্তরাষ্ট্রে শীতকালীন ভয়াবহ ঝড়ের প্রভাবে বিমান চলাচল কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (২৪ জানুয়ারি) থেকে সোমবার (২৬ জানুয়ারি) পর্যন্ত দেশজুড়ে ১৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
প্রচণ্ড ঠাণ্ডা, তুষারপাত ও হিমশীতল বৃষ্টির কারণে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় ঝুঁকিপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, আমেরিকান এয়ারলাইন্সের প্রায় ৪৩ শতাংশ এবং ডেল্টা এয়ার লাইন্সের ৩৫ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে।
শনিবার একদিনেই ৪ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়, যার বড় অংশ ছিল ডালাস ও শার্লটগামী। সোমবার পর্যন্ত নিউ ইয়র্ক ও বোস্টনকেন্দ্রিক আরও অন্তত ১ হাজার ৬০০ ফ্লাইট বাতিলের তথ্য পাওয়া গেছে।
জরুরি অবস্থার আওতায় থাকা অঙ্গরাজ্যগুলো হলো টেনেসি, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, মেরিল্যান্ড, আরকানসাস, কেন্টাকি, লুইসিয়ানা, মিসিসিপি, ইন্ডিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়া। এসব রাজ্যের প্রশাসন স্থানীয় জরুরি ব্যবস্থাপনা দলের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সপ্তাহের শেষ নাগাদ ঝড়টি আরও বিস্তৃত হয়ে পূর্বাঞ্চলের অধিকাংশ এলাকায় প্রভাব ফেলবে। উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যেতে পারে, আর দক্ষিণ উপকূলীয় এলাকায় রাতের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে যাবে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, ঝড়ের ফলে ভারী তুষারপাত, শিলাবৃষ্টি ও বরফ জমার ঝুঁকি রয়েছে। দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কাও করা হচ্ছে। এ অবস্থায় হোমল্যান্ড সিকিউরিটি সচিব ক্রিস্টি নয়েম নাগরিকদের অপ্রয়োজনে ঘরের বাইরে না বের হওয়ার এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

সূত্র: রয়টার্স


এ জাতীয় আরো খবর