আফগানিস্তানে তীব্র তুষারপাত ও ভারী বৃষ্টির প্রভাবে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
শনিবার আফগানিস্তান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, গত তিন দিনে টানা তুষারপাত ও প্রবল বৃষ্টিতে দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, এই দুর্যোগে ১১০ জন আহত হয়েছেন এবং ৪৫৮টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।
এএনডিএমএর প্রকাশিত মানচিত্রে দেখা যায়, বুধবার থেকে শুক্রবারের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে আফগানিস্তানের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের একাধিক প্রদেশে। দুর্গম পাহাড়ি এলাকায় তুষারধস, ঘরবাড়ি ধসে পড়া এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পাঠানোর চেষ্টা চলছে। তবে বৈরী আবহাওয়া এবং দুর্বল অবকাঠামোর কারণে ত্রাণ তৎপরতা চ্যালেঞ্জের মুখে পড়েছে।
কীওয়ার্ডসঃ:আফগানিস্তান তুষারপাত,প্রাকৃতিক দুর্যোগ,মানবিক সংকট