দিন শেষে তুমি বড্ড একা
যাদের হাত ধরে পাড়ি দিতে চেয়েছো
বিপদ সঙ্কুল পথ,
দেখবে তারা এখন মাছির মতো উড়ছে
কোনো সর ভরা দুধের পেয়ালায়,
সত্যি ভীষণ বোকা আমি
মেঘলা দিনে নিজের ছায়াটিও যে হারিয়ে যায়,
সে সত্য বুঝতে কেটে গেলো একটি জীবন।
প্রয়োজনের জন্য প্রিয়জন?
নাকি হৃদয়ের প্রতিবেশি বলে প্রিয়জন,
সে তফাত করতে করতে চুলগুলো সফেদ,
কপালে জেগেছে ভাঁজ।
ভ্রান্তধারণার গোলকে ভর দিয়ে
সময় গড়িয়ে গেছে বহূদূর .....
সুখের পায়রাগুলো উড়তে উড়তে
ছুঁয়ে যায় নীলাকাশ,
আমি শুধু কফিনে প্রবেশের প্রস্তুতিতে
মানুষ না চেনার করছি হুতাশ।
যাবার বেলায় শুধু বলে যাই
রোদচশমা যেমন পাল্টে দেয় রোদের রঙ,
তেমন স্বার্থের পট্টি লাগা চোখে
প্রয়োজনের ভীড়ে প্রিয়জন যায় নির্বাসন,
একদিন সরভরা দুধের পেয়ালা খালি হবে
একদিন পায়রার ডানার জোরও কমে যাবে,
সেদিন না হয় ভালোবেসে মন থেকে বলো
তুমিই ছিলে সত্যিকার প্রিয়জন।